ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ও বন্দর উপজেলার কেওঢালা স্ট্যান্ডে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে অতি দ্রুত অত্র স্ট্যান্ডে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিনহাজ ভূঁইয়ার উদ্যোগে মঙ্গলবার( ১২ মে) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন), জামায়াতে ইসলামের মদনপুর অঞ্চলের দায়িত্বশীল হারুনুর রশিদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রামিম ভূঁইয়া, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক সংগঠক সোহাগ আহমেদ, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, মো: মুরাদ, মদনপুর ছাত্রজনতার অর্থ সম্পাদক মাসুদ রানা, ধামগড় ইউনিয়ন ছাত্রদল নেতা বাবুল, স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে শামিম হোসেন, আরাফাত, মহসিন ও ফরহাদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আশেপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার কর্মব্যস্ত লোকজন উল্লেখিত কেওঢালা স্ট্যান্ডটি ব্যবহার করে নিত্যদিন যাতায়াত করে কিন্তু ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদেরকে মৃত্যুঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়, আর এতে করে অহরত দুর্ঘটনা ঘটে পথচারী নিহত ও আহত হয়ে থাকে।